কক্সবাজার

মিয়ানমারে সংঘাত: বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

কক্সবাজার, ২ জুলাই – কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে পুনরায় তীব্র সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার দুপুর থেকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্ত এলাকা প্রকম্পিত হয়ে উঠছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর আগে বুধবার দিন ও রাতে রাখাইনের মংডু শহরে বিমান থেকে বোমা হামলার খবর পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে রাখাইনের ওপার থেকে আসা বিকট শব্দে হোয়াইক্যং সীমান্তের ঘরবাড়ি কেঁপে ওঠে। অন্তত সাতটি বড় ধরণের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, প্রায় এক বছর আগে এই সীমান্তে আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই স্মৃতি মনে করে স্থানীয় বাসিন্দারা আবারও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অন্যদিকে হ্নীলা মৌলভীবাজার এলাকার জেলেরা জানিয়েছেন, নাফ নদীতে মাছ ধরার সময় ওপার থেকে বিস্ফোরণের আওয়াজ শুনে তারা দ্রুত ফিরে আসেন।

সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিস্ফোরণের শব্দের বিষয়ে তারা নিয়মিত খোঁজ রাখছেন। উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language