কক্সবাজার

শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরির ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার, ৭ আগস্ট – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন যে মাদক চোরাকারবারি ও ব্যবসায়িদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে। টাস্কফোর্স কমিটির মাধ্যমে এই তালিকা তৈরি করা হবে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউজে আয়োজিত মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ইয়াবার কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

মাদক চোরাচালান বন্ধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে যেখানে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন। মাদক পাচারের রুটগুলোতে নিয়মিত ক্যাম্প স্থাপন করা হবে। সমতলের পাশাপাশি জলপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মাদক বহনকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সভায় কক্সবাজারের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৭ আগস্ট ২০২৬


Back to top button