জাতীয়

উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার

ঢাকা, ১৭ আগস্ট – জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। সোমবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কারও কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে তারা বর্তমান কর্মস্থলের ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর দাখিল করতে পারবেন।

অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ২০১৪ সালের ২৪ মার্চের সরকারি আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় এই কর্মকর্তাদের পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের পর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন। এসব কর্মকর্তা যোগদানের তারিখ থেকে নতুন স্কেলের বেতন ভাতা পাবেন তবে বৈদেশিক ও বিনোদন ভাতার ক্ষেত্রে মিশনের মূল পদের নির্ধারিত হার কার্যকর থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য না হওয়া পর্যন্ত এই উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

এনএন/ ১৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language