চকরিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

কক্সবাজার, ১৩ আগস্ট – কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সামশুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন, ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ, ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাওয়ার সময় খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি সেটিকে সজোরে চাপা দেয়।
এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুলের মৃত্যু হয়।
অন্যদিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন। মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস এম/ ১৩ আগস্ট ২০২৬









