কেন্দুয়ায় অবৈধভাবে পেট্রল মজুত, ব্যবসায়ী জরিমানা ও ৮০০ লিটার তেল জব্দ

নেত্রকোনা, ২৮ মার্চ – নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অবৈধভাবে পেট্রল মজুত এবং লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে প্রায় ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয় এবং এনায়েতুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে দেশে চলমান জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে এনায়েতুর রহমান তার গুদামে অবৈধভাবে পেট্রল মজুত করে আসছিলেন। তিনি লাইসেন্স ছাড়াই অতিরিক্ত দামে খুচরা বাজারে এই পেট্রল বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদাম থেকে ড্রামভর্তি ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দ করা পেট্রল শনিবার সকাল দশটায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানিয়েছেন প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন ফায়দা লুটতে না পারে সেজন্য প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এস এম/ ২৮ মার্চ ২০২৬








