নেত্রকোনা

নেত্রকোণায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ: অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ সম্পন্ন

নেত্রকোনা, ২২ মে – নেত্রকোণার মদন উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ শেষ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গত ১৬ মে ঢাকার সিআইডি কার্যালয়ে গিয়ে ১৭ মে আসামির ডিএনএ নমুনা জমা দেন।

নেত্রকোণা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াদ মাহমুদ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে অভিযুক্ত শিক্ষক জেলহাজতে রয়েছেন এবং আগামী ২৮ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মামলার নথিতে বলা হয়েছে যে গত বছরের নভেম্বর মাসে কাইটাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে এবং তার শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।

এরপর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে র‍্যাব অভিযান চালিয়ে গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বর্তমানে ১২ বছর বয়সী ওই শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। তার নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আদালতের নির্দেশে তাকে সিলেটের একটি নিরাপদ আশ্রয়ে বা সেফ হোমে পাঠানো হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন ও নিরাপদ হেফাজতে রয়েছে।

এস এম/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language