ইরানে সামরিক ড্রোন সরবরাহ শুরু করেছে রাশিয়া

মস্কো, ২৬ মার্চ – পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ইরানে ড্রোন সরবরাহ শুরু করেছে রাশিয়া। চলতি মাসেই এসব সামরিক সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং মাসের শেষ নাগাদ ধাপে ধাপে পুরো চালান তেহরানের হাতে পৌঁছানোর কথা
রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সামরিক সরঞ্জামের পাশাপাশি রাশিয়া ইরানে খাদ্যপণ্য এবং ওষুধও পাঠাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মস্কো তেহরানকে নিয়মিত গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট ডেটা দিয়ে সহায়তা করে আসছিল। তবে এবারই প্রথমবারের মতো সরাসরি অস্ত্র হিসেবে ইরানে ড্রোন পাঠাচ্ছে রাশিয়া। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এসব খবরের বিষয়ে ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে গণমাধ্যমে অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাশিয়ার নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে ইরানি নকশার ড্রোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে। বর্তমানে রাশিয়া থেকে ইরানে পাল্টা ড্রোন পাঠানোর মূল উদ্দেশ্য হলো তেহরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশটির ক্ষমতা স্থিতিশীল রাখা। এদিকে কাস্পিয়ান সাগর এলাকায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল সম্প্রতি যে হামলা চালিয়েছে, তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল রাশিয়া ও ইরানের মধ্যকার এই অস্ত্র সরবরাহ চক্র ব্যাহত করা।
এস এম/ ২৬ মার্চ ২০২৬









