জাতীয়

ঢাবি উপাচার্যের সঙ্গে হিরোশিমা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ২৫ মার্চ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার ২৫ মার্চ উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মো. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আকিকো ওয়াতানাবে, ইউকা ইওয়াদা এবং কোকোরো কামিতানি।

সাক্ষাতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর সম্ভাব্যতা যাচাই করা হয়। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের বিষয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এই লক্ষ্যে খুব শিগগিরই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠকের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জাপানি প্রতিনিধিদের অবহিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এখানকার শিক্ষা ও গবেষণার প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language