জাতীয়

শপথের পর আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ঢাকা, ২২ আগস্ট – শপথ গ্রহণের পরদিনই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে জানা গেছে যে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতির পাশাপাশি পুরো এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে রাষ্ট্রের সর্বোচ্চ এই সাংবিধানিক পদের শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

এনএন/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language