মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৯৭ জন গ্রেপ্তার

তেহরান, ১৯ মার্চ – ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে দেশটিতে আরও ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে দক্ষিণ-পূর্ব ইরান থেকে আটক করা হয়। ইরানি সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আটককৃতরা দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি ও হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল। পাশাপাশি মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইরাক সীমান্তের কাছে দক্ষিণ-পশ্চিম ইরানে পাঁচটি সশস্ত্র ভাড়াটে চক্রকে নির্মূল করতে সক্ষম হয়েছে।

এর আগে উত্তর আলবোর্জ প্রদেশে শত্রুভাবাপন্ন নেটওয়ার্কগুলোতে যুদ্ধের ফুটেজ পাঠানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করে ইরানি কর্তৃপক্ষ। অন্যদিকে ইরানের আধাসামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ডস বা আইআরজিসি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করা ১৭৮ জন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। আইআরজিসির তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা রেড ক্রিসেন্ট সেন্টার এবং বিভিন্ন চেকপোস্টের ছবি ও অবস্থান মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে পাঠাত যেন ওই স্থানগুলোতে হামলা চালানো যায়। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্র, অবস্থান শনাক্তকারী ডিভাইস, বিশেষায়িত যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language