ভারতের পর এবার পাকিস্তানকেও কমদামে জ্বালানি তেল দেওয়ার প্রস্তাব রাশিয়ার

মস্কো, ১৮ মার্চ – ভারতের পর এবার পাকিস্তানকেও হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে রাশিয়া। পাকিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালবার্ট খোরেভ একটি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান সরকার যদি আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করে তবে মস্কো তাদের কাছে কমদামে তেল বিক্রি করতে প্রস্তুত রয়েছে। রাষ্ট্রদূত খোরেভ উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জ্বালানি খাত। এই খাতে যেকোনো ধরনের অগ্রগতি সম্পূর্ণভাবে ইসলামাবাদের নিজস্ব উদ্যোগের ওপর নির্ভর করছে।
সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো পাকিস্তানও গভীর সংকটে পড়েছে। দেশটি মূলত জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় নতুন করে জ্বালানির চালান পাকিস্তানে পৌঁছাতে পারছে না। এর ফলে বাধ্য হয়ে পাকিস্তান সরকার ইতোমধ্যে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত জটিল এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক পদক্ষেপ পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে। চলমান এই ভূরাজনৈতিক উত্তেজনা ঠিক কখন এবং কীভাবে শেষ হবে তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা অত্যন্ত কঠিন।
এস এম/ ১৮ মার্চ ২০২৬









