রাষ্ট্রপতির পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ ইসলাম

জামালপুর, ২৩ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে আয়োজিত এক সমাবেশ থেকে তিনি এই দাবি উত্থাপন করেন। জুলাই পদযাত্রা শেষে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, এত বছর পর রাষ্ট্রপতির মনে হলো যে তার পদত্যাগ করা প্রয়োজন। বর্তমান সরকার হয়তো তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করলেও গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে সেই প্রশ্নও তোলেন তিনি।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত চুপ্পুর শুধু পদত্যাগই যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তারও করতে হবে। গণহত্যায় তার সমর্থনের স্পষ্ট প্রমাণ রয়েছে এবং তিনি একজন দুর্নীতিবাজ। তাকে বিচারের আওতায় আনা জরুরি।
ঢাকা ১১ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। অতীতে বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নানা টালবাহানা করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি সতর্ক করে বলেন, এবারও যদি কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়, তবে এই সরকারের ওপর জনগণের অবশিষ্ট আস্থাও হারিয়ে যাবে।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই পদযাত্রাটি শহরের দয়াময়ী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এবং জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।
এনএন/ ২৩ জুলাই ২০২৬







