যুক্তরাজ্যে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এআই মন্ত্রী নিযুক্ত, দায়িত্ব পেলেন কণিষ্ক নারায়ণ

লন্ডন, ২৩ জুলাই – কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল নীতিকে বিশেষ অগ্রাধিকার দিয়ে যুক্তরাজ্যে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ এআই মন্ত্রীর পদ সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামের নতুন মন্ত্রিসভায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির সংসদ সদস্য কণিষ্ক নারায়ণ।
সোমবার ঘোষিত এই মন্ত্রিসভায় এআই মন্ত্রীর পদকে ক্যাবিনেট পর্যায়ের মর্যাদা প্রদান করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কেন্দ্রে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে নতুন প্রশাসন।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অধীনে বিজ্ঞান এবং উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এআই ও অনলাইন নিরাপত্তা বিষয়ক জুনিয়র মন্ত্রী হিসেবে কাজ করেছেন কণিষ্ক নারায়ণ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি ওয়েলসের ভেল অব গ্ল্যামারগন আসন থেকে হাউস অব কমন্সের সদস্য নির্বাচিত হন।
একই সঙ্গে তিনি ওয়েলসের ইতিহাসে প্রথম সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এমপি হওয়ার গৌরব অর্জন করেন। ভারতের বিহারে জন্ম নেওয়া কণিষ্ক নারায়ণ শৈশবে পরিবারের সঙ্গে কার্ডিফে চলে যান। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জননীতি এবং অর্থনৈতিক সংস্কার বিষয়ক বিভিন্ন উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশ্বব্যাপী এআই প্রযুক্তিতে প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের অবস্থান আরও শক্তিশালী করতেই এই নতুন মন্ত্রণালয় ও পদ গঠন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক কাঠামোতেও বেশ কিছু পরিবর্তন এনেছে বার্নাম সরকার। বাণিজ্য ও বিজ্ঞান মন্ত্রণালয়কে একীভূত করে জোনাথন রেনল্ডসকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিধি বাড়িয়ে সেখানে ডিজিটাল রূপান্তর বিষয়টিকে যুক্ত করা হয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যে বেশ কিছু বৈশ্বিক এআই প্রতিষ্ঠান এবং দক্ষ প্রকৌশলীদের বড় ভিত্তি রয়েছে যা দেশটির এই নতুন যাত্রাকে আরও গতিশীল করবে।
এস এম/ ২৩ জুলাই ২০২৬









