মোজতবা খামেনিসহ ইরানি নেতাদের সন্ধানে যুক্তরাষ্ট্রের এক কোটি ডলার পুরস্কার ঘোষণা

তেহরান, ১৪ মার্চ – ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতার অবস্থান সম্পর্কে তথ্য দিলে সন্ধানদাতাকে সর্বোচ্চ এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম।
দপ্তরের পক্ষ থেকে এই ইরানি নেতাদের সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, যারা তাদের বিষয়ে সঠিক তথ্য প্রদান করবেন, তাদের অন্য কোনো দেশে নিরাপদে স্থানান্তরের সুযোগ দেওয়া হতে পারে।
পুরস্কার ঘোষণার পোস্টারে উল্লেখ করা হয়েছে যে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বিভিন্ন শাখায় নেতৃত্ব প্রদান ও নির্দেশনা দিয়ে থাকেন। তাদের মাধ্যমে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের নানা পরিকল্পনা, সংগঠন এবং তা বাস্তবায়ন করা হয় বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের তথ্যের তালিকায় থাকা অন্যান্য শীর্ষ ইরানি কর্মকর্তারা হলেন গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, আজ সকালে আলী লারিজানি তেহরানে অনুষ্ঠিত আল কুদস দিবসের মিছিলে অংশ নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও প্রকাশ করেছেন।
এনএন/ ১৪ মার্চ ২০২৬









