জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকা, ১৩ মার্চ – জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে সাভারে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর তারা শেরে-বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) মো. সাহাবুদ্দিন–এর আহ্বানে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে কণ্ঠভোটে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হন।
অন্যদিকে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এতে সমর্থন দেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে কণ্ঠভোটে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
সংসদের উদ্বোধনী অধিবেশনে দায়িত্ব পাওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এনএন/ ১৩ মার্চ ২০২৬









