মধ্যপ্রাচ্য
ইরানে হামলা বন্ধ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান রাশিয়ার

তেহরান, ১২ মার্চ – ইরানে চলমান হামলা বন্ধ করে অবিলম্বে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা কমিয়ে আনতে এবং চলমান সংঘাতকে পুনরায় কূটনৈতিক সমাধানের পথে ফিরিয়ে নিতে মস্কো নিরলসভাবে কাজ করছে। মারিয়া জাখারোভা সতর্ক করে বলেন, ওই অঞ্চলের সার্বিক মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। দিন দিন এই যুদ্ধ পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক হয়ে উঠছে বলে তিনি গভীর আশঙ্কা প্রকাশ করেন। তাই দ্রুত সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের দিকে অগ্রসর হওয়ার ওপর জোর দিয়েছে রাশিয়া।
এস এম/ ১২ মার্চ ২০২৬









