মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু

তেল আবিব, ১২ মার্চ – ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে একটি তালিকা প্রকাশ করেছে ইরান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রকাশিত ওই তালিকায় শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়ার ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে সামরিক পর্যায় থেকে অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে। এর ফলে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের ক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কোনো সূত্রের কথা উল্লেখ করেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলা এবং পাল্টা হামলার ঘটনা বৃদ্ধির ফলে গোটা অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি চরম অস্থির হয়ে উঠেছে।

বিশ্লেষকদের অভিমত অনুযায়ী যুদ্ধ যদি সামরিক স্থাপনার গণ্ডি ছাড়িয়ে জ্বালানি, যোগাযোগ এবং প্রযুক্তি অবকাঠামোর ওপর ছড়িয়ে পড়ে তবে তা পুরো অঞ্চলের অর্থনীতি এবং ডিজিটাল অবকাঠামোর জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। কারণ উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার এবং আঞ্চলিক কার্যালয় রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে গভীর আশঙ্কা করা হচ্ছে।

এস এম/ ১২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language