আবুধাবি, তেল আবিব ও দুবাইয়ে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

রিয়াদ, ১১ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও ইসরায়েলের তেল আবিবে অবস্থিত দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট কার্যালয়টিও বন্ধ ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে এই পদক্ষেপ নেওয়া হয় বলে নিশ্চিত করেছে অস্ট্রেলীয় সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সিনেটের এক প্রশ্নোত্তর পর্বে এই তথ্য প্রকাশ করেন। পেনি ওং জানান যে দেশে ও বিদেশে অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি উল্লেখ করেন ইরানের সাম্প্রতিক অস্থিতিশীল ও বিপজ্জনক হামলা সাধারণ মানুষসহ অস্ট্রেলীয়দের জীবনকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এর ফলে হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় চরম অচলাবস্থা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে এ পর্যন্ত ২৩টি বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে প্রায় তিন হাজার দুই শতাধিক অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে নিজেদের দেশে ফিরেছেন। সিনেটের প্রশ্নোত্তর পর্বে জ্বালানি ক্রয় নিয়ে অযথাই আতঙ্ক ছড়ানোর অভিযোগে ন্যাশনালস পার্টির সিনেটরদের কঠোর সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
এস এম/ ১১ মার্চ ২০২৬









