ট্রাম্পের হুমকিতে ভীত নয় ইরান, হরমুজ প্রণালী ঘিরে পাল্টাপাল্টি সতর্কবার্তা

ওয়াশিংটন, ১১ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বার্তার পর এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের জনগণ ফাঁকা হুমকিতে ভীত নয়।
তিনি উল্লেখ করেন, অতীতে ট্রাম্পের চেয়েও শক্তিশালী অনেকেই ইরানি জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি ট্রাম্পকে সাবধান করে বলেন, বেশি বাড়াবাড়ি করলে তাকেই মুছে যেতে হতে পারে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরান এবং দেশটির নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে লক্ষ্য করে তীব্র ভাষায় মন্তব্য করেছিলেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র অতীতের যেকোনো হামলার চেয়ে বিশ গুণ বেশি শক্তিশালী আক্রমণ চালাবে। ট্রাম্পের দাবি, এই ধরনের হামলা হলে ইরান আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি আরো বলেন, তাদের ওপর মৃত্যু ও ধ্বংস নেমে আসবে, যদিও তিনি এমন পরিস্থিতির সৃষ্টি হোক তা চান না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নতুন নেতৃত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নতুন নেতা মোজতবা খামেনেই শান্তিতে থাকতে পারবেন না। সম্প্রতি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর দ্বিতীয় ছেলে মোজতবা খামেনেইকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হন।
এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। জবাবে ইরান ইসরায়েলসহ এই অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। নতুন নেতা নির্বাচনের পর থেকেই যুক্তরাষ্ট্রের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে। ট্রাম্পের দাবি, অতীতে যুক্তরাষ্ট্র যেমন ভেনেজুয়েলার রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, ঠিক তেমনি ইরানের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রেও তাদের ভূমিকা থাকা উচিত।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়েই পরিবহন করা হয়।
ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, যদি এই যুদ্ধ অব্যাহত থাকে তবে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিত্র দেশগুলোর কাছে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না।
এ এম/ ১১ মার্চ ২০২৬









