ইরানে হামলা নিয়ে ট্রাম্প ও ভ্যান্সের মতপার্থক্য, তবে নেই বড় কোনো বিরোধ

ওয়াশিংটন, ১১ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে দৃষ্টিভঙ্গির কিছুটা পার্থক্য তৈরি হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে এ নিয়ে তাদের মধ্যে বড় কোনো মতবিরোধ নেই। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ইরানে হামলার বিষয়ে ভ্যান্স প্রাথমিকভাবে কিছুটা দ্বিধায় ছিলেন। এই খবরের প্রেক্ষিতে ট্রাম্প মন্তব্য করেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর ভ্যান্স সামরিক অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
সোমবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ বিষয়ে তাদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। তবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ভ্যান্স তার চেয়ে কিছুটা ভিন্ন অবস্থানে ছিলেন। ট্রাম্পের মতে, হামলার বিষয়ে ভ্যান্স হয়তো তার মতো ততটা উৎসাহী ছিলেন না, কিন্তু তিনি যথেষ্ট সমর্থন জুগিয়েছেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, হামলাটি করা জরুরি ছিল কারণ অন্যথায় ইরানই যুক্তরাষ্ট্রের ওপর আঘাত হানত। এর আগে একটি সূত্র জানায়, বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ভ্যান্স সাধারণত অনাগ্রহী। গত মাসের শেষ দিকে ইরানে হামলার পরিকল্পনা নিয়ে অভ্যন্তরীণ আলোচনায় তিনি সংশয় প্রকাশ করেছিলেন।
তবে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তিনি সামরিক অভিযানের পক্ষেই অবস্থান নেন। বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ নিয়ে ভ্যান্সের এমন উদ্বেগ নতুন নয়। ইরাকে দায়িত্ব পালন করা এই সাবেক মেরিন সদস্য অতীতে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলার সময়ও ভিন্নমত পোষণ করেছিলেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কয়েক দিন আগে ভ্যান্স গণমাধ্যমকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালেও দীর্ঘমেয়াদি যুদ্ধের সম্ভাবনা নেই। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প কখনোই দেশকে এমন কোনো দীর্ঘ সংঘাতে জড়াবেন না যার লক্ষ্য বা শেষ কোথায় তা অস্পষ্ট। ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এবং ভবিষ্যতে সেই সক্ষমতা তৈরির চেষ্টা না করে। ভ্যান্স মনে করেন, এই সুস্পষ্ট নীতির কারণে যুক্তরাষ্ট্রকে ইরাক বা আফগানিস্তানের মতো কোনো দীর্ঘমেয়াদি সমস্যায় পড়তে হবে না।
এস এম/ ১১ মার্চ ২০২৬









