মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা বৈঠকে ৪টি বড় বাধা

তেহরান, ১৮ জুন – প্রায় চার মাসের তীব্র উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটিয়ে সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশ ইতোমধ্যে একটি সমঝোতা স্মারকে সম্মত হলেও দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টি এখনো অনিশ্চিত।

আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ বৈঠকের আগে চারটি প্রধান ইস্যু আলোচনায় এসেছে, যা চুক্তির পথে অন্তরায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে গভীর মতভেদ রয়েছে।

  • যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিক অথবা ধ্বংস করুক। তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান ইউরেনিয়ামের ঘনত্ব কমানোর বিষয়ে নমনীয় হলেও নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়তে নারাজ।
  • হরমুজ প্রণালি নিয়েও টানাপোড়েন কাটেনি। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুক্তরাষ্ট্র সম্পূর্ণ উন্মুক্ত ও টোলমুক্ত দেখতে চায়। অন্যদিকে ইরান এই জলপথের ব্যবস্থাপনায় নিজেদের প্রভাব বজায় রাখতে আগ্রহী।
  • নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে আটকে থাকা সম্পদ ফেরত দেওয়ার প্রশ্নেও দুই দেশ ভিন্ন অবস্থানে রয়েছে। ইরান অবিলম্বে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও ওয়াশিংটন চায় ধাপে ধাপে এগোতে।
  • এর পাশাপাশি ইসরায়েলের অবস্থান আলোচনার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,

এই সমঝোতা তাদের সামরিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। বিশেষ করে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language