লেবাননে ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করলেন ট্রাম্প,চাইলেন সিরিয়ার সহযোগিতা

ওয়াশিংটন, ১৭ জুন – লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই অভিযানকে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে প্রধান অন্তরায় হিসেবে অভিহিত করেছেন।
হিজবুল্লাহ দমনের প্রয়োজন থাকলেও এই কাজের জন্য ইসরায়েলের চেয়ে সিরিয়া অনেক বেশি যোগ্য বলে মনে করেন ট্রাম্প। শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সম্মেলনে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
সেখানে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে ইসরায়েল হিজবুল্লাহর সাথে দীর্ঘ সময় ধরে লড়াই করছে এবং এতে অনেক প্রাণহানি ঘটেছে। ট্রাম্পের মতে নির্দিষ্ট কাউকে খুঁজতে গিয়ে পুরো আবাসিক ভবনে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।
কারণ সেসব ভবনে সাধারণ মানুষ বসবাস করে যারা হিজবুল্লাহর সদস্য নয়। লেবানন ইস্যুতে ইসরায়েলের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন যে এই অভিযান অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল। তারা এমনভাবে ধীরগতিতে এগোচ্ছে যেন তাদের কাছে অনেক সময় রয়েছে।
গত ১৪ জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষরের মাত্র দুই ঘণ্টা আগে বৈরুতে হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনা ট্রাম্পের মধ্যে চরম বিরক্তির সৃষ্টি করেছে। তিনি মনে করেন হিজবুল্লাহ দমনের দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিলে তারা আরও দক্ষভাবে তা সম্পন্ন করতে পারবে।
এস এম/ ১৭ জুন ২০২৬









