জাতীয়

নারীদের উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা, ১৮ জুন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্রের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তা সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরাসরি পৌঁছে যায়।

বুধবার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ঋষিপাড়া এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো বিকল্প নেই।

সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এই জ্যেষ্ঠ নেতা। তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনতে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা জরুরি।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত সহায়তা পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং এটি সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language