জর্ডানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

আম্মান, ১৮ জুন – জর্ডানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। সেখানে বসবাসরত অনিয়মিত বা অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এর ফলে অভিবাসীরা কোনো প্রকার জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাবেন।
বুধবার জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সাধারণ ক্ষমার আওতায় প্রবাসীরা চাইলে জর্ডানে নিজেদের বৈধ করে নতুন কর্মসংস্থানের সুযোগও নিতে পারবেন।
নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তারা দেশটিতে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাবেন এবং প্রয়োজনে কর্মস্থল পরিবর্তন করতে পারবেন। গৃহকর্মীদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ থাকছে।
এছাড়া যারা পর্যটন ভিসায় জর্ডানে প্রবেশ করেছেন তারাও এখন কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।
আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ১৮ জুন ২০২৬


