মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা করায় সন্তুষ্ট নন ট্রাম্প

তেহরান, ৯ মার্চ – ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট নন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে সঞ্চালক ব্রায়ান কিলমেড এই তথ্য প্রকাশ করেন। কিলমেড জানান, ইরানের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের ঘোষণার পর তিনি ব্যক্তিগতভাবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন।
সেই আলাপে ট্রাম্প সরাসরি তাকে জানিয়েছেন যে এই নিয়োগে তিনি সন্তুষ্ট নন। এই বিষয়ে কিলমেড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্পও এখনো পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। যদিও ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মনোনয়ন নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি, তবুও তার এই ব্যক্তিগত মন্তব্য বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে মোজতবা খামেনির মতো একজন কট্টরপন্থি নেতাকে ইরানের ক্ষমতায় আসীন করার বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ট্রাম্পের এই অসন্তোষ আগামী দিনে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান বা নতুন কোনো নিষেধাজ্ঞার ইঙ্গিত কি না, তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, ৮ মার্চ রবিবার মোজতবা খামেনির নাম ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচন করেছে। তিনি ইরানের সদ্য সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।
এস এম/ ৯ মার্চ ২০২৬









