চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধী ধরতে যৌথ বাহিনীর বিশাল অভিযান

চট্টগ্রাম, ৯ মার্চ – চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অপরাধীদের ধরতে যৌথ বাহিনীর বিশাল অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছেন।
গত জানুয়ারিতে এই এলাকায় র্যাবের এক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।
চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন জানান, ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই এলাকাটি এতদিন দেশের ভেতরে ভিন্ন এক রাজ্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু এমন পরিস্থিতি আর চলতে দেওয়া হবে না। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে। এলাকায় প্রবেশ ও বের হওয়ার সব পথে তল্লাশিচৌকি বসানো হয়েছে। পাহাড়ি এলাকা হওয়ায় বাহিনীর সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন। ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি বিস্ফোরক উদ্ধারে ডগ স্কোয়াডও কাজে লাগানো হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৫৫০ জন সেনাসদস্য, ১৮০০ পুলিশ, ৩৩০ জন এপিবিএন, ৪০০ র্যাব এবং ১২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। এটি সাম্প্রতিক সময়ে দেশের কোনো নির্দিষ্ট এলাকায় সবচেয়ে বড় এবং সমন্বিত অভিযান।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হন। এরপর সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়। জঙ্গল সলিমপুর একটি দুর্গম পাহাড়ি এলাকা। প্রায় তিন হাজার একশ একর জায়গাজুড়ে বিস্তৃত এই এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কেটে অবৈধ বসতি গড়ে উঠেছে। এছাড়া পাহাড় কেটে প্লট বাণিজ্য ও দখলকে কেন্দ্র করে এখানে একাধিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









