সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

ঢাকা, ৯ মার্চ – দেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই।
রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক সাখাওয়াত আলী খান বেশ কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়েন। সে সময় হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। রোববার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাখাওয়াত আলী খান ১৯৪১ সালে নরসিংদী জেলার শিবপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে তিনি প্রায় এক দশক বিভিন্ন জাতীয় দৈনিকে সাংবাদিকতা করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘ সময় শিক্ষকতা করে ২০০৮ সালে তিনি অবসরে যান। অবসরের পর পাঁচ বছর তিনি একই বিভাগে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত অনারারি অধ্যাপক হিসেবে যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাংবাদিকতা এবং রাজনীতির মিথস্ক্রিয়া নিয়ে তার ব্যাপক গবেষণার কাজ রয়েছে। তার রচিত ত্রিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
এনএন/ ৯ মার্চ ২০২৬









