ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

ঢাকা, ৮ মার্চ – ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) বরাত দিয়ে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
বনগাঁও সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এসটিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংঘটনের পর তারা ভারতে পালিয়ে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ পটুয়াখালীর এবং আলমগীর ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তারা সরাসরি জড়িত ছিলেন। হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন এবং সম্প্রতি পুনরায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বনগাঁও সীমান্তে জড়ো হয়েছিলেন। রোববার তাদের আদালতে হাজির করা হলে বিচারক পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
এনএন/ ৮ মার্চ ২০২৬









