তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলি হামলা, ভয়াবহ আগুনের দৃশ্য

তেহরান, ৮ মার্চ – ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের হামলার পর ইরানের রাজধানী তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে এই হামলা চালিয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রাতের আকাশে তেহরানের দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।
এপির প্রতিবেদন অনুযায়ী চলমান যুদ্ধের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। উল্লেখ্য যে আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহের কাজ করে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব স্থানে তারা হামলা চালিয়েছে সেগুলো ইরানি শাসনগোষ্ঠী বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের কাজে ব্যবহার করত।
এস এম/ ৮ মার্চ ২০২৬









