ডেমরায় উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিষ্ক্রিয় করল ডিএমপির সিটিটিসি

ঢাকা, ১৭ আগস্ট – রাজধানীর ডেমরা এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি পাইপবোমা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল।
সোমবার এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী। সিটিটিসি সূত্রে জানা গেছে, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকা থেকে জুয়েল ওরফে ওস্তাদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি অবিস্ফোরিত পাইপবোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ডেটোনেটিং কর্ড ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
সফল এই অভিযানে কোনো ধরনের হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এস এম/ ১৭ আগস্ট ২০২৬









