রাজশাহীতে জ্বালানি সংকট: পুলিশ পাহারায় তেল বিক্রি, পাম্পে দীর্ঘ সারি

রাজশাহী, ৭ মার্চ – রাজশাহীতে জ্বালানি তেলের সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তি চরমে পৌঁছেছে। কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে জনরোষ এড়াতে পুলিশ পাহারায় তেল বিক্রি করতে হচ্ছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দরের সামনের মেসার্স হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। সেখানে জ্বালানি সংকটের কারণে রেশনিং পদ্ধতি চালু করে নোটিশ টানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয় যে মোটরসাইকেলে সর্বোচ্চ ১০০ টাকা, মাহিন্দ্রায় ২০০ টাকা, প্রাইভেট কারে ১০০০ টাকা এবং পিকআপে ৩০০ টাকার তেল দেওয়া হবে। তবে সেখানে উপস্থিত অনেক চালক অভিযোগ করেন যে পাম্পে তেল মজুত থাকার পরও যানবাহনগুলোকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে এক পর্যায়ে পাম্পে হট্টগোল শুরু হলে এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ম্যানেজারের সঙ্গে কথা বলে তেল বিক্রি স্বাভাবিক করে।
অন্যদিকে মেসার্স আফরিন ফিলিং স্টেশনের ম্যানেজার সোলাইমান কবির জানান, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল প্রাপ্তি নিয়ে এক ধরনের আতঙ্ক বা ‘প্যানিক বায়িং’ শুরু হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা দুই থেকে তিন গুণ বেড়ে গেছে। তিনি আরও জানান যে ডিপোতেও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি গাড়িতে তেল লোড হচ্ছে।
দেশে তেলের কোনো ঘাটতি নেই কিন্তু হঠাৎ চাহিদা বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে তেল পৌঁছাতে সময়ের কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় এই সংকট ঘনীভূত হয়েছে, তবে আগামীকালের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
এনএন/ ৭ মার্চ ২০২৬









