তীব্র গরমে নাজেহাল নগরবাসী: মফস্বলের পর এবার রাজধানীতেও ভয়াবহ লোডশেডিং

ঢাকা, ১৩ আগস্ট – দেশের গ্রাম ও মফস্বল এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং চলার পর এবার রাজধানী ঢাকাতেও বিদ্যুৎ বিভ্রাটের তীব্রতা বেড়েছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছেন। বিশেষ করে রাতের বেলা একাধিক এলাকায় দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ার খবর পাওয়া গেছে।
গত ১২ আগস্ট দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় যে এদিন বেশ কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কোথাও একটানা এক ঘণ্টা আবার কোথাও একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে মধ্যরাতে বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে ফ্যান ও এসি বন্ধ হয়ে যাওয়ায় অনেকের পক্ষেই ঘুমানো সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই অসহনীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজিমপুর এলাকার এক বাসিন্দা জানান যে রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর তা ফিরে আসে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী ১২ আগস্ট রাত ৯টায় বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬ হাজার ৯৩ মেগাওয়াট এবং দুপুরে উৎপাদন ছিল ১৪ হাজার ৬৩৫ মেগাওয়াট। ভারতের আদানি গ্রুপ থেকে দিনের বেলা ৯৩১ মেগাওয়াট বিদ্যুৎ এলেও রাতে তা বেড়ে ১ হাজার ২৩০ মেগাওয়াটে দাঁড়ায়। তবে সারাদেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ায় রাতেও ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে।
এতদিন ঢাকার বাইরে লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকলেও এখন রাজধানীতেও এর বিস্তার ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
এনএন/ ১৩ আগস্ট ২০২৬









