মধ্যপ্রাচ্য

দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি ইরানের, ব্যবহৃত হতে পারে ‘অজানা’ বিধ্বংসী অস্ত্র

তেহরান, ৬ মার্চ – দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত এবং এমন কিছু উন্নত অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে যা বর্তমান সংঘাতে এখনো দেখা যায়নি।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে তেহরান বর্তমানে কোনো যুদ্ধবিরতির অনুরোধ করছে না।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি জানান ইরানের মাটিতে যদি কোনো মার্কিন স্থল অভিযান চালানো হয় তবে তা মোকাবিলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন আসন্ন হামলার নতুন ঢেউ শত্রুদের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। তিনি ইঙ্গিত দেন যে ইরান নতুন উদ্যোগ ও অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে যা এখনো বৃহৎ পরিসরে ব্যবহার করা হয়নি।

নায়েনি দাবি করেন গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘটিত সংঘাতের তুলনায় বর্তমানে ইরান অনেক বেশি প্রস্তুত। তিনি চলমান এই সামরিক সংঘাতকে পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান না জানালেও বিভিন্ন সময়ে মিশ্র ইঙ্গিত দিয়েছেন। এ প্রসঙ্গে আরাগচি মন্তব্য করেন যে এই যুদ্ধে শেষ পর্যন্ত কেউ বিজয়ী হবে না।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language