খামেনির শেষ বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত, কারণ জানাল ইরান

তেহরান, ৪ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে তিন দিনব্যাপী এই শেষ বিদায় ও শোকানুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতিও প্রাথমিকভাবে সম্পন্ন করা হয়েছিল।
তবে আয়োজকদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শোক অনুষ্ঠান পরবর্তীতে কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে দেশটির প্রয়াত নেতার যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।
দেশটির সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণেই অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার আকুতি জানিয়েছেন। তাদের উপস্থিতি ও আয়োজনের ব্যাপকতা বিবেচনায় নিয়ে প্রস্তুতির জন্য আরও সময়ের প্রয়োজন। গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ওই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ইতিমধ্যে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে।
এসএএস/ ৪ মার্চ ২০২৬









