টঙ্গীবাড়িতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ, ৪ মার্চ – মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় নৌ পুলিশের বিশেষ অভিযানে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সরকারের জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান চালায়।
এ সময় মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো স্থানীয় বেশনাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় সরকার নির্ধারিত সময়ে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এই আইন বাস্তবায়নে তাদের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
এস এম/ ৪ মার্চ ২০২৬









