মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

তেহরান, ৩ মার্চ – ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জাব্বারি এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি দৃঢ়কণ্ঠে বলেন, ‘শত্রুরা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার দুঃসাহস দেখায়, তাহলে আমরা এই অঞ্চলের সমস্ত অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’

জেনারেল জাব্বারি আরও জানান, তারা ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তেলের দাম ৮০ ডলার ছাড়িয়েছে এবং তা খুব দ্রুত ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৮৫ ডলার ছাড়িয়ে গেছে।

আইআরজিসির দাবি, তাদের ‘ট্রু প্রমিজ ৪’ নামক প্রতিশোধমূলক অভিযানের প্রথম ৪৮ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজে হামলায় ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানিয়েছেন, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর ও যুদ্ধজাহাজে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

নায়েইনি আরও জানান, বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহরের সদরদপ্তরে একাধিকবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে। একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় চালানো হামলায় অন্তত ১৬০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। এছাড়া, ইরানি নৌবাহিনীর নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন নৌবাহিনীর এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন। দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সেটি ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে গেছে বলেও জানান এই মুখপাত্র।

এসএএস/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language