মধ্যপ্রাচ্য

ইরানের নেতৃত্বে বসাতে ট্রাম্পের পছন্দ তিন নাম, গোপন রাখলেন পরিচয়

তেহরান, ২ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক বিবৃতিতে তিনি জানান, তেহরানের বর্তমান ধর্মীয় নেতৃত্বকে সরিয়ে সেখানে ক্ষমতায় বসানোর জন্য তার পছন্দের তালিকায় তিনজন সুনির্দিষ্ট ব্যক্তির নাম রয়েছে।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে ইরানের নেতৃত্বের জন্য তার হাতে তিনটি অত্যন্ত ভালো বিকল্প রয়েছে। তবে তিনি এখনই তাদের নাম প্রকাশ করতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যমতে আগে পরিকল্পনা বাস্তবায়ন হোক তারপর নাম প্রকাশ করা হবে। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান জানিয়েছে তারা আগামী এক থেকে দুই দিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে।

আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিশ্চিত করেছেন যে সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বর্তমানে প্রেসিডেন্ট ও বিচারবিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ফকিহকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল সাময়িকভাবে দেশটির নেতৃত্ব দিচ্ছে। আরাগচি আশা প্রকাশ করেছেন যে বিশেষজ্ঞ পরিষদ বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী উত্তরসূরি বেছে নেবে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language