এশিয়া

ওমানের দুকম বন্দরে ড্রোন হামলায় শ্রমিক আহত, কর্তৃপক্ষের নিন্দা

মাস্কাট, ১ মার্চ – ওমানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুকম বন্দরে দুটি পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একজন বিদেশি শ্রমিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওমান নিউজ এজেন্সি দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, দুকম বন্দরকে লক্ষ্য করেই এই ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। এর মধ্যে একটি ড্রোন বন্দর এলাকায় শ্রমিকদের জন্য নির্মিত অস্থায়ী আবাসনে আঘাত হানে।

অপর ড্রোনটির ধ্বংসাবশেষ বন্দরের জ্বালানি ট্যাংকের সন্নিকটে পতিত হয়। তবে এতে বড় ধরনের কোনো বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলায় আহত ওই শ্রমিককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

ওমানি কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং এই হামলাকে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছে।

দেশটির কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা এবং বাসিন্দা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য যে আরব সাগরের তীরে অবস্থিত দুকম বন্দরটি আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

এম ম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language