মধ্যপ্রাচ্য

খামেনি নিহত: ইরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নেতৃত্বে ‘অস্থায়ী পরিষদ’ গঠন

তেহরান, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে দেশ পরিচালনার লক্ষ্যে তিন সদস্যের একটি ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করা হয়েছে। এই বিশেষ পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার বরাতে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গঠিত অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গত শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। রবিবার বাংলাদেশ সময় সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যুর খবর স্বীকার করে।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তার নির্দেশেই দেশটির সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালিত হতো।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গৃহীত ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু বা অক্ষমতায় নতুন নেতা নির্বাচনের পূর্ব পর্যন্ত এই অস্থায়ী পরিষদই রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবে।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language