ইরানে হামলা চালাতে আমেরিকার সঙ্গে সমন্বয় করেছিল ইসরায়েল

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের ওপর হামলার বিষয়ে ইসরায়েল আমেরিকার সঙ্গে সমন্বিতভাবে কাজ করেছিল বলে ইসরায়েল এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে ইসরায়েলের এই আক্রমণটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করে চালানো হয়েছে এবং ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। শনিবার সকালে ইরানে এই হামলা চালায় ইসরায়েল এবং তারা এটিকে পূর্ব নির্ধারিত আক্রমণ বা প্রি এম্পটিভ অ্যাটাক হিসেবে অভিহিত করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সকালে এক বিবৃতির মাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এদিকে ইরানি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তেহরানে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে ইরানের রাজধানী তেহরানের রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে এবং পশ্চিম তেহরানে অবস্থানরত সংবাদদাতারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে ইরানও তাদের পুরো আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
দেশটির সিভিল অ্যাভিয়েশন অরগানাইজেশনের মুখপাত্র মজিদ আকহাভান মেহের সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









