পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতে চরম উত্তেজনা, উভয় পক্ষের বিপুল হতাহতের দাবি

ইসলামাবাদ, ২৮ ফেব্রুয়ারি – পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নতুন করে চরম আকার ধারণ করেছে। বিগত কয়েক মাসে একাধিকবার দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও সৌদি আরব ও তুরস্কের মতো বিদেশি শক্তির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়েছিল। তবে এবারের লড়াইয়ের তীব্রতা ও পরিধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
শুক্রবার দিনভর উত্তেজনার পর উভয় দেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি উপস্থাপন করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন যে পাকিস্তানের সামরিক অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন সদস্য নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি, ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস এবং ২৯টি স্থানে হামলা চালানোর কথা জানানো হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র দাবি করেছেন, তাদের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং পাকিস্তানের ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তালেবান মুখপাত্র স্বীকার করেছেন যে পাকিস্তানি হামলায় তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের নানগরহার প্রদেশে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তারা উভয় পক্ষের হতাহত ও ক্ষয়ক্ষতির এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









