ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী পেলেন কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা

নয়া দিল্লি, ২৫ জুন – বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে ভারত সরকার। এর ফলে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি বিশেষ প্রটোকল ও উচ্চতর সুযোগ সুবিধা পাবেন।
গত বুধবার ভারত সরকারের এক অফিস স্মারকের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অফিস স্মারকে জানানো হয়েছে যে দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।
তবে এই পরিবর্তনের কারণে ভারতের বিদ্যমান টেবিল অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় প্রটোকল ক্রমতালিকায় কোনো স্থায়ী পরিবর্তন আনা হয়নি। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত ওই পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্মারকে আরও উল্লেখ করা হয় যে হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় এই মর্যাদা দেওয়া হয়েছে যা কেবল আনুষ্ঠানিক ও প্রটোকল সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভারতের রাষ্ট্রীয় প্রটোকল তালিকায় মূলত বিভিন্ন পদের অগ্রাধিকার নির্ধারণ করা থাকে এবং এই বিশেষ সম্মানের মাধ্যমে তিনি মন্ত্রিসভার সদস্যদের সমান মর্যাদা লাভ করলেন।
এস এম/ ২৫ জুন ২০২৬









