করাচিতে রেঞ্জার্স সদর দফতরে ভয়াবহ সশস্ত্র হামলা, ৪ হামলাকারীসহ নিহত ৭

ইসলামাবাদ, ২৮ জুন – পাকিস্তানের বন্দরনগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দফতরে এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং চারজন হামলাকারী রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলীয় গুলিস্তান ই জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দফতর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জাভেদ আলম ওধো গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী হামলাকারীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে সদর দফতরের প্রধান ফটকে আঘাত করে।
এরপরই ভারী অস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি শুরু হয়। তবে গাড়িটিতে বিস্ফোরণ ঘটেছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে চলা যৌথ অভিযানে চার হামলাকারীকে নির্মূল করা সম্ভব হয়।
অভিযানে বিশেষ নিরাপত্তা ইউনিট, অ্যান্টি টেররিস্ট ফোর্স এবং সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা অংশগ্রহণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করে তল্লাশি চালানো হচ্ছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।
এস এম/ ২৮ জুন ২০২৬









