পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস

অটোয়া, ২৯ জুন – বিশ্বকাপের রাউন্ড অফ ৩২ এ স্বাগতিক কানাডার কাছে নাটকীয় হারের পর পদত্যাগের ঘোষণা দিলেও সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস। ৭৪ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ লস অ্যাঞ্জেলেসে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানান যে চরম হতাশার মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্তই যৌক্তিক হয় না।
এর আগে তিনি অবসরে গিয়ে পরিবারকে সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশনের একটি সূত্র মারফত জানা গেছে ব্রুস হয়তো প্রধান কোচ হিসেবেই দায়িত্ব চালিয়ে যাবেন অথবা ফুটবলার স্কাউটিংয়ের মতো নতুন কোনো ভূমিকায় যুক্ত হতে পারেন।
২০২১ সালে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের আমূল পরিবর্তন এনেছেন তিনি। তার অধীনেই দীর্ঘ ১৬ বছর পর দলটি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এক সময় গ্যালারিতে দর্শক না থাকলেও বর্তমানে বাফানা বাফানা দলের ম্যাচ দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকে।
চলতি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে কানাডার বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে তাদের বিদায় নিতে হয়।
আধুনিক ফুটবলে শক্তি ও গতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে ব্রুস জানান এই জায়গায় তাদের দলের উন্নতি প্রয়োজন। আগামী বছর আফ্রিকা কাপ অফ নেশনসের বাছাইপর্বে অংশ নেবে তার দল।
এস এম/ ২৯ জুন ২০২৬









