কাতারের দোহায় মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ওয়াশিংটন, ২৯ জুন – কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে এই বৈঠকের অনুরোধ করা হয়েছে এবং মঙ্গলবার দোহায় এটি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর তৈরি হওয়া উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ দেখা হচ্ছে।
বর্তমানে দুই দেশের মধ্যে সংঘাত বন্ধ এবং একটি সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তবে ইরানের প্রধান আলোচক কাজেম গারিবাবাদি এর আগে সাংবাদিকদের জানিয়েছিলেন যে, চলতি সপ্তাহে কোনো কারিগরি পর্যায়ের বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান যে, সাম্প্রতিক সামরিক উত্তেজনা সত্ত্বেও সমঝোতা স্মারক নিয়ে কারিগরি আলোচনা পূর্বপরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সামরিক আক্রমণ এবং পারমাণবিক ও কূটনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে।
বিশ্লেষকদের মতে, দোহায় সম্ভাব্য এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে তা সহায়ক হতে পারে। তবে উভয় পক্ষের মধ্যে আস্থার অভাব এবং চুক্তির শর্ত নিয়ে মতভেদ নিরসন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে।
এস এম/ ২৯ জুন ২০২৬









