দক্ষিণ এশিয়া

ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব নয়াদিল্লির

ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষ

দিল্লি,১৬ সেপ্টেম্বর- আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের একটি নৌজাহাজের সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ঘটনার পর নয়াদিল্লিতে থাকা পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান (চার্জ দ্য অ্যাফেয়ার্স) সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাগরে পাকিস্তানি নৌবাহিনীর পেশাদারিত্বহীন ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নয়াদিল্লি তাদের কড়া প্রতিবাদের কথা জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, পাকিস্তানি নৌজাহাজের এই অনাকাঙ্ক্ষিত আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, টহল ও সেনা চলাচলসংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানি কূটনীতিককে বিষয়টি নিয়ে তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে থাকা প্রাসঙ্গিক চুক্তির বিধান মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। এই বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে একইভাবে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চালানোর সময় একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর একটি সামনের সারির যুদ্ধজাহাজের বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। ঘটনাটি ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ঘটে। সেখানে উচ্চ গতিতে আসা পাকিস্তানি জাহাজটি অত্যন্ত পেশাদারিত্বহীন ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করে ভারতীয় জাহাজটির একেবারে কাছ দিয়ে অতিক্রম করে এবং একপর্যায়ে সেটিতে ধাক্কা দেয়। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরপরই দুই জাহাজই নিজ নিজ পথে চলে যায়। তবে এ ঘটনায় কোন কোন মডেলের জাহাজ জড়িত ছিল, তা এখনো নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি।

এস এম/ ১৬ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language