দক্ষিণ এশিয়া

ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের দ্বিতীয় বিয়ে

ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ও’ রেইলিকে বিয়ে করেছেন। সপ্তাহান্তে ব্যক্তিগত আয়োজনে তাঁদের বিয়ে হয়। ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের ২২ বছর পর ৫২ বছর বয়সী জেমাইমা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন।

ক্যামেরন ও’ রেইলির বয়স ৬২ বছর। তিনি প্রয়াত আইরিশ ব্যবসায়ী, গণমাধ্যম ব্যবসায়ী ও আন্তর্জাতিক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও’ রেইলির ছেলে। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের কাজের সূত্রে প্রায় এক বছর আগে জেমাইমা ও ক্যামেরনের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

জেমাইমা ও ইমরান খান ১৯৯৫ সালে বিয়ে করেন। দীর্ঘ নয় বছরের সংসারের পর ২০০৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই ছেলে সুলায়মান ও কাসিম খান।

বিচ্ছেদের দুই দশকের বেশি সময় পরও ইমরান খানের সঙ্গে জেমাইমার যোগাযোগ ও তাঁর প্রতি সমর্থন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। সম্প্রতি কারাগারে থাকা সাবেক স্বামীর পরিস্থিতি নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন তিনি।

জেমাইমার বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে তাঁর ভাবি জেমাইমা জোন্সের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে। জেমাইমা জোন্স হলেন জেমাইমার ভাই বেন গোল্ডস্মিথের স্ত্রী। বিয়ের অনুষ্ঠানের পোশাকে বেনের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি জেমাইমা ও ক্যামেরনের বিয়ের কথা জানান।

গত মাসেও ইমরান খানের কারাবন্দিত্ব নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিলেন জেমাইমা। ব্রিটিশ সরকারের প্রতি বিষয়টি নিয়ে কথা বলার আহ্বান জানিয়ে তাঁর সাবেক স্বামীর পরিস্থিতিকে ‘মানবাধিকার জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ইমরানের স্বাস্থ্য, একাকিত্ব এবং পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেমাইমা।

এর আগে লর্ডসে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে দুই ছেলে সুলায়মান ও কাসিমের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তিনি। তখন ইমরান খানের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাতেও অংশ নেন জেমাইমা ও তাঁর ছেলেরা।

ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের পর জেমাইমার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত অভিনেতা হিউ গ্র্যান্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে কমেডিয়ান রাসেল ব্র্যান্ড এবং ‘দ্য ক্রাউন’-এর নির্মাতা পিটার মরগানের সঙ্গেও তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসে।

চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার হিসেবেও জেমাইমা গোল্ডস্মিথের পরিচিতি রয়েছে। পাকিস্তানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন তিনি। তাঁর লেখা ও প্রযোজনায় ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইট?’ চলচ্চিত্রে পাকিস্তানের সংস্কৃতি ও জীবনধারার ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

ক্যামেরন ও’ রেইলির সঙ্গে বিয়ের মধ্য দিয়ে জেমাইমার জীবনে এটি দ্বিতীয় বিয়ে। ইমরান খানের সঙ্গে নয় বছরের দাম্পত্যের সমাপ্তির ২২ বছর পর নতুন সংসার শুরু করলেন তিনি।

এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language