সৌদি আরবে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক, বিব্রত পাকিস্তান

ইসলামাবাদ, ২৫ জুন – সৌদি আরবে ৫ হাজার ৫০০ পাকিস্তানি ভিক্ষুক আটক হওয়ার তথ্য প্রকাশ্যে আসার পর চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান সরকার। সোমবার পাকিস্তানের পার্লামেন্টে অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক এক আলোচনায় এই তথ্য জানান দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ততার বিষয়ে বারবার প্রশ্ন তুলছে এবং উদ্বেগ প্রকাশ করছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
তালাল চৌধুরী আরও উল্লেখ করেন যে, যখন সৌদি আরব বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিককে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটকের কথা জানায়, তখন তা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশটির অর্থনীতির অন্যতম স্তম্ভ।
তবে মুষ্টিমেয় কিছু মানুষের ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডের ফলে সাধারণ কর্মীদের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংঘবদ্ধ চক্র ও অবৈধ অভিবাসন নেটওয়ার্ক এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে বলে সংসদীয় আলোচনায় ইঙ্গিত দেওয়া হয়।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিদেশে দেশের সুনাম রক্ষায় পাকিস্তান সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে অবৈধ অভিবাসন রোধে নতুন কৌশল গ্রহণের পরিকল্পনা করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এস এম/ ২৫ জুন ২০২৬









