ফুটবল

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল-জাপান দ্বৈরথ: গ্যালারিতে নীল রঙের বিপ্লব তুলবেন জাপানি সমর্থকরা

টোকিও, ২৯ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের রাউন্ডে ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল ও জাপান মুখোমুখি হতে যাচ্ছে। এশিয়ান ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন জাপান এবার বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণের বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে।

গত চার বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো দলগুলোকে হারিয়ে সামুরাই ব্লুরা ইতোমধ্যেই ফুটবলাঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও এক ভিন্নধর্মী প্রস্তুতির কথা জানিয়েছে জাপানি সমর্থকরা।

প্রিয় দলকে উৎসাহ দিতে এবং গ্যালারির পরিচ্ছন্নতা বজায় রাখতে তারা নীল রঙের বহুমুখী প্লাস্টিক ব্যাগ নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হবেন। এই বিশেষ ব্যাগগুলো দিয়ে গ্যালারিকে নীল রঙে রাঙিয়ে তোলার পাশাপাশি খেলা শেষে ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজেও ব্যবহার করা হবে।

গত বৃহস্পতিবার ডালাস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ চলাকালে গ্যালারির একটি নির্দিষ্ট অংশকে নীল রঙে উদ্ভাসিত হতে দেখা যায়। জাপানি সমর্থকরা এই প্লাস্টিক ব্যাগগুলো ফুলিয়ে তা উঁচিয়ে ধরে দলের প্রতি সংহতি প্রকাশ করেন।

জাপান ফুটবল দলের দীর্ঘদিনের সমর্থক মাসায়া ফুকুমোরি জানান, এই সংস্কৃতির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ থেকে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং পরবর্তী বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে এই উদ্যোগ আরও ব্যাপকতা পায়।

ফুকুমোরি আরও উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে দলকে সমর্থনের জন্য এই ব্যাগ ব্যবহারের চিন্তা থাকলেও এটি বর্তমানে স্বতঃস্ফূর্ত পরিচ্ছন্নতা অভিযানে রূপ নিয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান আপা হোটেল কোম্পানি এবার বিশ্বকাপের জন্য ১৫ হাজার ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে।

সমর্থকরা জাপান থেকে আসার সময় ব্যক্তিগতভাবে কয়েকশ করে ব্যাগ নিয়ে এসেছেন। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। ফুকুমোরি আশা প্রকাশ করেন যে, সমর্থকরা নীল ব্যাগ নিয়ে তাদের সর্বোচ্চ আবেগের বহিঃপ্রকাশ ঘটাবেন এবং মাঠ পরিষ্কারের মাধ্যমে বিশ্বজুড়ে আবারও সচেতনতার নজির স্থাপন করবেন।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language