মধ্যপ্রাচ্য

যুদ্ধ বাঁধলে মার্কিন সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম ধ্বংসের হুমকি ইরানের

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা এবং তাদের সামরিক সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল সেকারচি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে শুক্রবার তিনি এই মন্তব্য করেন।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান তাদের শর্ত অনুযায়ী চুক্তিতে না আসলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জবাবে ইরানি জেনারেল স্পষ্ট করে বলেন, কোনো ধরনের যুদ্ধ শুরু হলে মার্কিন সেনা ও তাদের সামরিক সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হবে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব অবকাঠামো রয়েছে, সেগুলো ইরানের সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জের আওতাতেই আছে।

ট্রাম্পের বক্তব্যকে তিনি কেবলই ‘ফাঁকা আওয়াজ’ ও ‘আকাশকুসুম কল্পনা’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের ওপর ইরান সতর্ক দৃষ্টি রাখছে। ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সঠিক ধারণা থাকলে তারা কখনোই যুদ্ধের কথা উচ্চারণ করত না বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। ইরান বা তাদের সহযোগীদের উস্কানি দেওয়া হলে তার উপযুক্ত জবাব দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language